বাংলাদেশে ইংরেজি উচ্চারণরীতি নিয়ে সর্ববৃহত ই-কর্মশালা নিউ এরা’র - The News Lion

বাংলাদেশে ইংরেজি উচ্চারণরীতি নিয়ে সর্ববৃহত ই-কর্মশালা নিউ এরা’র




বাংলাদেশ প্রতিনিধি ;  ইংরেজি উচ্চারণরীতি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন কর্মশালার আয়োজন করেছে নিউ এরা। দুই লক্ষাধিক শব্দের সঠিক উচ্চারণ ও ইংরেজি ভাষাভাষীদের মতো কি করে উচ্চারণ করা যায় সেই কৌশল শেখানো হয় কর্মশালাটিতে। এতে মূল লেকচার উপস্থাপন করেন শ্রাবন্তী ভট্টাচার্য।


অনলাইন প্লাটফর্ম জুম ব্যবহার করে ১শ মিনিটের এ উন্মুক্ত কর্মশালাটিতে অংশ নেন মোট ৭৬৭ জন আগ্রহী। এ কর্মশালাটি শনিবার ( ৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাত ৯.১৫টা পর্যন্ত চলে। শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভারতের তানভী আজমেরা, কানাডা থেকে ফারজানা ইসলাম।


শুধু ভিডিও লেকচার দেয়াতেই সীমাবদ্ধ না থেকে এ কর্মশালায় বেশ কিছু শিক্ষার্থীকে বিভিন্ন শব্দের উচ্চারণ করিয়ে ও তাদের অভিজ্ঞতা জানতে চাওয়ার মাধ্যমে সরাসরি সম্পৃক্ত করা হয়।


শ্রাবন্তী ভট্টাচার্য বলেন, স্কুল-কলেজের পাঠ্যক্রমে উচ্চারণরীতি যুক্ত করা হয়নি বলে আমাদের দেশের অধিকাংশের মাঝেই ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে দ্বিধা ও জড়তা কাজ করে। ফলে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অনেক শব্দ আমরা প্রায়শ ভুল উচ্চারণ করে থাকি। কারণ, উপমহাদেশের উচ্চারণভঙ্গীর সাথে ইংরেজদের ভঙ্গী এক নয়। অথচ কিছু নির্দিষ্ট কৌশল ও বহুল ব্যবহৃত শব্দগুলোর সঠিক উচ্চারণ নিয়মিত চর্চার মাধ্যমে যে কেউ আত্মবিশ্বাসের সাথে ঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবে।


ভারত থেকে যুক্ত হওয়া প্রশিক্ষক তানভী আজমেরা বলেন, বর্তমান সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশে নিজের ঘরে বসে বিশ্বের নানা প্রান্তের দক্ষ শিক্ষকদের সাথে যুক্ত হয়ে নিজেদের উন্নত করে তুলতে পারছে শিক্ষার্থীরা, যা অনলাইন ব্যতীত সম্ভব নয়।


কানাডায় কর্মরত ফারজানা ইসলাম জানান, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে অনেকেই কাজে বা পড়তে যান, কিন্তু ইংরেজি উচ্চারণ শুদ্ধ না হওয়ায় যোগাযোগে সমস্যা দেখা দেয় এবং কথা বলতে বিব্রত হন। এক্ষেত্রে কিছু কৌশল রপ্ত করে তা নিয়মিত চর্চার মাধ্যমে এ অদক্ষতা কাটিয়ে তোলা সম্ভব।


শিক্ষার্থী ও পেশাজীবীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি আধুনিক কর্মকৌশলে দক্ষ করে তুলছে নিউ এরা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, প্রাক্তন নৌ-কর্মকর্তা দেবায়ন চক্রবর্তী জানান, সামরিকবাহিনীতে ভর্তি সহায়ক কোর্স, সফট স্কিল ও স্পোকেন ইংলিশ বিষয়ে শিক্ষার্থী ও কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন করছে নিউ এরা। গত ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এ সময়টিতে প্রতিষ্ঠানটি তাদের যাবতীয় কর্মসূচি অনলাইনে পরিচালিত করছে। এ সময়ে প্রায় ৫ হাজার শিক্ষার্থী নিউ এরা থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছে। কোর্সগুলো সম্পূর্ণ অনলাইনে হওয়ায় ক্লাউড ড্রাইভ থেকে যে কোন সময় সহায়ক বই ও নোটগুলো ব্যবহার করতে পারছে শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.